ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, মহাজোট সরকারের দুই বছরে দেশে আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে। কাউকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না।
সরকারের দুই বছরের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে রোববার বিকালে দেশবাসীর উদ্দেশে ভাষণে এ কথা বলেন তিনি।
গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন বিএনপি চেয়ারপারসন।
দুই বছরে সরকার সফল- এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তিনদিন পর খালেদা বিরোধী দলের মূল্যায়ন নিয়ে জাতির সামনে হাজির হলেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে দেশের বাস্তব চিত্র উঠে আসেনি। শাসক দলের উৎপীড়ণে দেশের মানুষ আজ বিপর্যস্ত। তারা দেশটাকে লুটেপুটে খাচ্ছে। কেউ যাতে এর প্রতিবাদ করতে না পারে সেজন্য দেশজুড়ে ভীতি ও আতঙ্কের রাজত্ব কায়েম করা হয়েছে। তাদের ভয়ে কেউ টু-শব্দটিও করতে পারছে না।
মহাজোট সরকারের দুইবছর পূর্তিতে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ 'অসত্য ও ভিত্তিহীন' তথ্যে ভরা দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক কথা বললেও এমন কোনো উন্নয়ন কার্যক্রম দুই বছরে দেখা যায়নি।
খালেদা বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) এখন এক তথাকথিত 'রূপকল্প'-এর গল্প শোনাচ্ছেন। ভোটের আগে শুনিয়েছিলেন ডিজিটাল গল্প। তার ডিজিটাল স্টোরি এখন ভয়ংকর দুর্নীতি, অযোগ্যতা ও ব্যর্থতায় পরিণত হয়েছে নির্মম পরিহাসে।
"৩৮ থেকে ৪০ টাকা কেজিতে মোটা চাল কেনার সামর্থ হারিয়ে এদেশের গরীব মানুষেরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। সারাদেশের চলছে নিরব দুর্ভিক্ষ। তারা ক্ষুধার অন্ন চায়, শীত নিবারণের বস্ত্র চায়। তারা গ্যাস, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, চাকরি, সুস্থ ও নিরাপদ জীবন চায়। ক্ষমতাসীন সরকার গত দুই বছরে এসব চাওয়ার কতটা পূরণ করতে পেরেছে, দেশের মানুষ সে কথাই জানতে চায়।"
প্রধানমন্ত্রী তার ভাষণে মহাজোট সরকারের শাসনামলকে চারদলীয় জোটের শাসনামলের সঙ্গে তুলনা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
এর জবাবে এ দুই সময়ে দ্রব্যমূল্যের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন খালেদা। তিনি বলেন, "খুব বেশি জবাব দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। দেশের মানুষ বাজারে গেলেই তা দেখে। শেখ হাসিনার 'আন্দোলনের ফসল' মঈনুদ্দীন-ফখরুদ্দীনের জরুরি সরকার জিনিষপত্রের দাম ভয়ংকর বাড়িয়ে ফেলে। আজকের ক্ষমতাসীনরা তাদের পদাঙ্কই অনুসরণ করে চলেছেন।"
"নানা উসিলায় দাম বাড়িয়ে সরকারের লোকেরা ফায়দা লুটছে- এটা মানুষ জানলেও প্রধানমন্ত্রীর ভাষণে কিছু নেই", বলেন খালেদা।
বক্তব্যের শুরুতেই দেশে সাংবাদিক নির্যাতনের চিত্র তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে ভিন্ন মত এবং সমালোচনা বন্ধ করার প্রক্রিয়া সরকার চালু রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে খালেদা বলেন, গত দুই বছরে বেশ কয়েকজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নির্যাতিত হয়েছেন অনেকে। দৈনিক আমার দেশ সরকার বন্ধ করে দিয়েছিল। আদালতের রায়ে আমার দেশ আবার আলোর মুখ দেখেছে। চ্যানেল ওয়ান এই সরকার বন্ধ করে দিয়েছে। যমুনা টিভির স
bdnews24