জামালপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বিএনপির বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুরের ঘটন ঘটে বলে স্থানীয় নেতারা অভিযোগ করেন।
তবে সরিষাবাড়ি থানার ওসি আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের ঘটনা তার জানা নাই।
আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান তালুকদার ওরফে বাবু তালুকদারের সমর্থকরা তাদের কার্যালয় ভাংচুর করেছে।
হামলাকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, কার্যালয়ের চেয়ার টেবিল, টেলিভিশনসহ আসবাবপত্র ভাংচুর তচনছ করেছে।
বেলাল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনার সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নাই।
তিনি দাবি করেন, স্থানীয় এক পাগল আওয়ামী লীগ কার্যালয়ে ঢোকে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24