২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষ দমন ছাড়া সবক্ষেত্রে সরকার ব্যর্থ: বিএনপি

দুই বছরে সরকারের কোনো ক্ষেত্রে সাফল্য নেই দাবি করে বিএনপি বলেছে, বিরোধী দলকে নির্যাতনে শুধু তাদের সফলতা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই বছরে সরকারের কোনো ক্ষেত্রে সাফল্য নেই দাবি করে বিএনপি বলেছে, বিরোধী দলকে নির্যাতনে শুধু তাদের সফলতা রয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেন, "দুই বছরে সরকারের কোনো সাফল্য নেই। বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের নামে নির্যাতন চালানোতে তাদের সফলতা রয়েছে। অথচ প্রধানমন্ত্রী তার সরকারের সাফল্যের বুলি আওড়াচ্ছেন।" আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দুই বছর পূর্তি হচ্ছে বৃহস্পতিবার। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করে। সরকার দেশের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান অকার্যকর করে রেখেছে অভিযোগ করে আনোয়ার বলেন, "জাতীয় সংসদ ও মানবাধিকার কমিশন অকার্যকর। দুর্নীতি দমন কমিশনকে ভয়ভীতি দেখিয়ে সরকার কাজ করতে দিচ্ছে না। তারা বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করেছে।" জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ইয়ুথ ফোরাম এর উদ্যোগে 'মহাজোট সরকারের দুই বছর : সঙ্কটের আবর্তে বাংলাদেশ, আমাদের করণীয়' শীর্ষক ওই আলোচনা সভায় বক্তব্য দেন আনোয়ার। খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়নি দাবি করে সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, "সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিয়ে জনগণের কাছে মিথ্যাচার করছে। গত ছয় মাসে সরকার বিদেশ থেকে ২৫ লাখ টন খাদ্য শস্য আমদানি করেছে।" রাজনৈতিক মামলা প্রত্যাহারে প্রক্রিয়ায় শুধু সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার সমালোচনাও করেন তিনি। "পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল, ভাংচুর ও সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় ছাত্র ও যুবলীগের নেতাকর্মীদের খালাস দেওয়া হয়েছে। এভাবে সরকার দেশে একদলীয় শাসনের মাধ্যমে অতীতের সব দুঃশাসনকে ছাড়িয়ে গেছে", বলেন আনোয়ার। গত এক বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সাংবাদিক নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের পরিসংখ্যান তুলে ধরে আনোয়ার বলেন, "একদিকে নির্যাতন, হত্যা, গুম চলছে। অন্যদিকে প্রধানমন্ত্রী পুলিশকে বলেছেন, মানবাধিকার রক্ষার দিকটি লক্ষ্য রাখতে। তাহলে প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন কোনটি সঠিক।" পুঁজি বাজারের অস্থিরতার জন্যও সরকারকে দায়ী করেন তিনি। আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নীলু, ন্যাপ-ভাসানীর সভাপতি জেবেল রহমান গনি, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) মহাসচিব আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৩৫ ঘ.