২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লস্কর পরিচয়ে হত্যার হুমকি কামরুলকে

আবারও হত্যার হুমকি পেয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এবার হুমকি দেওয়া হয়েছে লস্কর-ই-তৈয়েবা পরিচয়ে। তা জানিয়ে রমনা থানায় একটি জিডি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 07:30 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারও হত্যার হুমকি পেয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এবার হুমকি দেওয়া হয়েছে লস্কর-ই-তৈয়েবা পরিচয়ে। তা জানিয়ে রমনা থানায় একটি জিডি হয়েছে। মঙ্গলবার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব সমর চন্দ্র ভৌমিক। থানার ওসি শিবলি নোমান সাধারণ ডায়েরির উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯টা ৪৩ মিনিটে পাকিস্তানের একটি নম্বর থেকে মাওলানা জাহিদ পরিচয়ে আইন প্রতিমন্ত্রীর মোবাইলে ফোন করে তাকে হত্যার জন্য আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। "সব প্রকার কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। না হলে সুইসাইড স্কোয়াডের হামলার মাধ্যমে শেষ করে দেওয়া হবে", হুমকিদাতার এই বক্তব্য জিডিতে বলা হয়েছে। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার বেশ কয়েকজন সদস্যকে গত এক বছরে গ্রেপ্তার করে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওসি নোমান বলেন, "যে নম্বর থেকে ফোন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে বিটিসিএলকে বলা হয়েছে। এ বিষয়ে সহায়তার জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হচ্ছে।" আইন প্রতিমন্ত্রীকে এর আগেও একাধিকবার টেলিফোন ও মোবাইলে হুমকি দেওয়া হয়েছে। রমনাসহ কয়েকটি থানায় এজন্যে জিডিও করা হয়েছে। আইন প্রতিমন্ত্রীকে হুমকি দেওয়ার দুদিন আগেই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে টেলিফোন করা হয়। শাহবাগ থানায় এ কারণে একটি জিডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিসি/এসআইটি/এমআই/১৩৩০ ঘ.