ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থপাচার মামলার বৈধতা নিয়ে তারেক রহমানের রিট আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ।
সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা হাইকোর্টের রায় স্থগিতে তারেকের আবেদন আগামী ২০ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ধার্য করেন।
গত বছরের ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট।
রোববার খালেদা জিয়ার বড় ছেলে তারেক হাইকোর্টের ওই রায় স্থগিতের আবেদন করেন।
তারেকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
সরকার পক্ষে আইনজীবী হিসাবে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদি হয়ে তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
চলতি বছরের ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন।
টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ১০/বি, বনানীর নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
মামলায় আরো বলা হয়, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রীটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এর পরিমাণ ছিল ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা)।
জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে অত্যন্ত প্রভাবশালী ছিলেন তারেক রহমান। তর বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অন্তত ১৪ টি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৫৩৫ ঘ.
bdnews24