২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি করতে চাইনি: এরশাদ

সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তিনি রাজনীতি করতে চাননি এবং জাতীয় পার্টিকে আর মুছে ফেলা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, তিনি রাজনীতি করতে চাননি এবং জাতীয় পার্টিকে আর মুছে ফেলা যাবে না। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান দলের প্রতিষ্ঠা প্রসঙ্গে বলেন, "১৯৮২ সালের ২৪ মার্চ তৎকালীন রাষ্ট্রপতি আমার ওপর দেশ পরিচালনার দায়িত্ব দেয়। পরে দেশ ও জনগণের স্বার্থে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করি।" এরশাদের সামরিক শাসন ও সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে গত ২৬ অগাস্ট হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, জিয়ার উত্তরসূরি হিসেবে বিচারপতি সাত্তারের কাছ থেকে ক্ষমতা দখল করেনজেনারেল এরশাদ। ক্ষমতা দখল করে এরশাদ সংবিধান স্থগিত করেন। "খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের মতো এইচ এম এরশাদও অবৈধ ক্ষমতা দখলকারী।" ১৯৮৬ সালে সংসদ গঠিত হলে ওই সংসদে এরশাদের সমস্ত সামরিক ফরমান ও কাজের বৈধতা দেওয়ার জন্য সপ্তম সংশোধনী পাস করা হয়। শনিবার এরশাদ দাবি করেন, "অন্য রাজনৈতিক দলের মতো জাতীয় পার্টি হারিয়ে না গিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই এ পার্টিকে আর মুছে ফেলা যাবে না।" ২৬ অগাস্টের ওই রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয় গত ২৯ ডিসেম্বর। এতে হাইকোর্ট বলেছে, ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার জন্য এইচএম এরশাদের বিচার হওয়া উচিত। শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন এরশাদ। দেশের রাজনীতিতে দুর্যোগের পূর্বাভাস শোনা যাচ্ছে বলেও মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, "মহাজোট সরকারে আছি, থাকবো। তবে বর্তমানে দেশের রাজনীতিতে দুর্যোগের পূর্বাভাস শুনতে পাচ্ছি। এ দুর্যোগ মোকাবেলার জন্য জোটের সব শরীককে এক সঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে।" জোট সরকার অর্থনৈতিক সংকট কাটাতে পারলেও গত দুই বছরে গ্যাস-বিদ্যুৎ সঙ্কট চরম পর্যায়ে ছিলো বলে মনে করেন এরশাদ। "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।" সমাবেশ শেষে শোভাযাত্রা বের করে জাতীয় পার্টি নেতাকর্মীরা। সমাবেশে আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৮৩০ ঘ.