ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নির্বাচনে ষড়যন্ত্র করে আবার ক্ষমতায় যেতে সরকার এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার এক আলোচনা সভায় এ অভিযোগ তুলেন বিএনপি সহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
তার মতে, প্রধান বিচারপতির পদ থেকে অবসরের পর খায়রুল হক পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে তাকে দিয়ে ভোট কারচুপি করে আবার ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ। এ কারণেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে প্রধান বিচারপতি করা হয়েছে বলে মন্তব্য করেন দেলোয়ার।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী উলামা দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
২০০৬ সালে তৎকালীন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কেএম হাসানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নেওয়া বিষয়ে আওয়ামী লীগের আন্দোলনের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, " আপনারা সে সময় বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে দেননি। তাই এখন যে মতলবেই করুন না কেনো জনগণ তা মেনে নেবে না।"
দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে বিচারপতি এবিএম খায়রুল হক শপথ নেন। সুপ্রিম কোর্টের দুইজন জ্যেষ্ঠ বিচারপতি আবদুল মতিন ও শাহ আবু নাইমুল রহমানকে ডিঙিয়ে সরকার খায়রুল হককে গত ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি নিয়োগ দেয়।
সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এম এ মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, যুব দলের সভপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৪০ ঘ.
bdnews24