মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মুন্সীগঞ্জের আদালত।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আবুল হাসনাত এ পরোয়ানা জারির আদেশ দেন।
গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তাহের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপর হামলার হুমকি দেয় অভিযোগ করে এ মামলা হয়।
এ ঘটনায় ১১ আগস্ট শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাদি হয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অজয় চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলার অপর আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদকে অব্যহতি দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭০০ ঘ.
bdnews24