পাবনা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় চাঁদা না পেয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা কমপক্ষে ৭টি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় কাশীনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ বিপুলকে (২৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, যুবলীগ নেতা বিপুলের নেতৃত্বে পাবনা-নগরবাড়ি মহাসড়কের কাশিনাথপুর মোড়ে বেশ কিছুদিন ধরে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলা হচ্ছে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বুধবার সভা ডেকে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানায়।
এতে ক্ষুব্ধ হয়ে বিপুলের নেতৃত্বে একদল যুবক সকালে বিভিন্ন যানবাহনে ভাংচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাংচুরের অভিযোগে বিপুলকে গ্রেপ্তার করে।
ভাংচুরের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা পাবনা-নগরবাড়ি মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে।
সাঁথিয়া থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিপুল বখাটে প্রকৃতির। তিনি যুবলীগ নেতা কি না তার জানা নেই।"
ঘটনাস্থল বেড়া, সাঁথিয়া ও সুজানগর থানার সীমান্তে হওয়ায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে বলে জানান ওসি।
পাবনা জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনার সঙ্গে যুবলীগের কোনো সম্পর্ক নেই। সে (বিপুল) ব্যক্তিগতভাবে এ ঘটনা ঘটাতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২০৪৮ ঘ.
bdnews24