চাঁদপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে আদালত এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের মুক্তির দাবিতে স্লোগান দেয়ায় তার সমর্থকদের ধাওয়া করেছে পুলিশ।
বুধবারের এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি কাজী আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, "আগামীতে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।"
মিলনের আইনজীবীরা কামরুল ইসলাম এবং এ এন এম মাইনুল ইসলাম সাংবাদিকদের জানান, আদালত এলাকায় যারা মিলনের মুক্তি দাবি করে স্লোগান দিয়েছে তা ঠিক হয়নি।
চাঁদাবাজির এক মামলায় চাঁদপুরের মুখ্য মহানগর হাকিম মো. মোজাম্মেল হকের আদালতে মিলন বুধবার বেলা পৌনে ১টার দিকে হাজিরা দিতে আসেন। এ সময় সরকার পক্ষে আইনজীবী সাইয়েদুল ইসলাম বাবু ও হেলাল উদ্দিন মিলনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন হেফাজত চান।
গত ৩০ অগাস্ট চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যানঘাট এলাকার আবুল হাশেম মিয়ার ছেলে হারুনুর রশিদ চাঁদপুর সদর মডেল থানায় মিলনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ১০ জনকে আসামি করে মামলা করেন।
আদালত হেফাজত নামঞ্জুর করে প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসার অনুমতি দিয়ে আগামী ১২ অক্টোবর মিলনেক আদালতে হাজির করার নির্দেশ দেয়।
আদালতে হাজিরা শেষে মিলন বের হওয়ার সময় বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা মিলনের মুক্তির দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ধাওয়া ও মারধর করে।
মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন আদালতে ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি মামলায় তিনি জামিনে রয়েছেন।
বর্তমানে মিলন কুমিল্লা কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/১৭৪৯ ঘ.
bdnews24