২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীম হত্যা: দেলোয়ার শিমুলের ৫ দিনের রিমান্ড

যুবলীগনেতা ইব্রাহীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার দেলোয়ার ও শিমুলকে পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগনেতা ইব্রাহীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার দেলোয়ার ও শিমুলকে পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক নজরুল ইসলাম রোববার এ অনুমতি দেন। ইব্রাহীম হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের দেহরক্ষী দেলোয়ার ও যুবলীগকর্মী শিমুলকে শনিবার গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির এএসপি এবং মামলার তদন্ত কর্মকর্তা (আইও) খোন্দকার আব্দুল হালিম গ্রেপ্তারদের সাতদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। দেলোয়ার ও শিমুলের পক্ষে হেফাজত আবেদন বাতিলের আবেদন এবং জামিন চান অ্যাডভোকেট অমূল্য কুমার মজুমদার মিলন। আদালত জামিন আবেদন নাকচ করে পাঁচদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। হেফাজত আবেদনে বলা হয়, ইব্রাহীম হত্যায় তাদের সম্পৃক্ততা কতটুকু এবং তাদের সঙ্গে আর কারা যুক্ত ছিল তা জানার জন্য তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলার শুনানিতে অ্যাডভোকেট মিলন বলেন, "দেলোয়ার ও শিমুলকে এই মামলার বাদি হত্যাকারী হিসেবে সন্দেহ করেনি। এজাহারে তাদের নাম নেই। তাই এদের জামিন দেওয়া হোক।" ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ঢাকায় ইব্রাহীম আহমেদের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএন/পিডি/১৮০৩ ঘ.