পাবনা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলাকারী যুবলীগ ও ছাত্রলীগের ২১ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।
বেলা সাড়ে ১১টার দিকে তারা পাবনার বিচারিক আদালত-১ এ আত্মসমর্পণ করেন।
হাকিম লায়লা শারমিন শুনানি গ্রহণ করছেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন দুটির এদিন জেলা প্রশাসন (ডিসি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি থাকলেও তা হচ্ছে না বলে স্থানীয় নেতারা জানিয়েছেন।
গত ১৭ সেপ্টেম্বর পাবলা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় সরকারি দলের সমর্থক সংগঠন দুটির নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী।
পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং এনডিসি মঈনুল হোসেন বাদী হয়ে ওই রাতেই জেলা ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দুইটি মামলা করেন।
পুলিশ এ ঘটনায় পাঁচ ছাত্র ও যুবলীগকর্মীকে গ্রেপ্তার করে।
দুই মামলায় ৩২ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি বদরুদ্দোজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১৪১ ঘ.
bdnews24