২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীম হত্যায় 'জড়িত' আরো দুইজন গ্রেপ্তার

যুবলীগকর্মী ইব্রাহীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো দুইজন গ্রেপ্তার হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 06:10 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগকর্মী ইব্রাহীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরো দুইজন গ্রেপ্তার হয়েছেন। এরা হলেন- ভোলার আওয়ামী লীগ সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের দেহরক্ষী দেলায়ার ও যুবলীগকর্মী শিমুল। জিজ্ঞাসাবাদ করতে সন্ধ্যায় তাদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে নেওয়া হয়। এর আগে গত ১৮ অগাস্ট পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ দু'জনকে জিজ্ঞাসাবাদ করেন। মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা খন্দকার আব্দুল হালিম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো পাঁচ। ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও যুবলীগ নেতা নূরুন্নবী চৌধুরী শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ঢাকায় ইব্রাহীম আহমেদের মৃত্যু হয়। এতে শাওনের জড়িত থাকার অভিযোগ এলেও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বারবার বলে আসছেন, ওই ঘটনায় শাওনের কোনো সম্পৃক্ততা নেই। ইব্রাহীম হত্যা মামলা তদন্ত নিয়ে গোয়েন্দা পুলিশের সমালোচনা ওঠার পর গত শনিবার মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা। এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট। গোয়েন্দা পুলিশ তদন্ত কালে ২৯ অগাস্ট কালা এবং শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদকে গ্রেপ্তার করে। গত ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সর্বশেষ বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাজহারুল ইসলাম মিঠুকে (৪০)। তিনি নূরুন্নবী চৌধুরী শাওনের সহকারী হিসেবে কাজ করতেন। শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/১১৪৫ ঘ.