২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুললেন ডিউক

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ তুলেছেন সাইফুল ইসলাম ডিউক। এদিকে তাকে আরো দুইদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগ তুলেছেন সাইফুল ইসলাম ডিউক। এদিকে তাকে আরো দুইদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি। শনিবার বিকালে ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহার রুমী ডিউককে হেফাজতে জিজ্ঞাসাবাদের এ অনুমতি দেন। এ সময় তার পক্ষে হেফাজতের আবেদন বাতিল চাওয়া হলে তা নাকচ করেন বিচারক। ডিউক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে। শনিবার কাঠগড়ায় দাঁড়িয়ে ডিউক বিচারকের উদ্দেশে বলেন, "হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে আমাকে নির্যাতন করা হয়েছে। বৈদ্যুতিক শক দিয়ে এবং মুখে ঘুষি মেরে বিএনপি'র বিভিন্ন নেতার নাম ২১ অগাস্ট ঘটনার সঙ্গে জড়িত বলে বলানোর চেষ্টা চালিয়েছে সিআইডি।" তার এ বক্তব্য প্রসঙ্গে সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আবদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রত্যেক তারিখেই ডিউকের সঙ্গে তার আইনজীবীরা আদালতের অনুমতি নিয়ে কোর্টহাজতে দেখা করেন। আইনজীবীদের শেখানো কথাই ডিউক আদালতে বলেছেন।" মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ ডিউককে আবার জিজ্ঞাসাবাদের নতুন কোনো কারণ হেফাজত আবেদনে উল্লেখ করেননি। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। গত ২৬ অগাস্ট ডিউককে এ মামলায় গ্রেপ্তার করা হয়। সে সময় তার পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করেন বিচারক মো. আলী হোসাইন। গত ২৬ অগাস্ট ডিউককে চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৩১ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। ২১ সেপ্টেম্বর তাকে আরো দুইদিন হেফাজতে নেয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন ডিউকের জামিন আবেদন নাকচ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯২৬ ঘ.