ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেছেন, "পাবনায় প্রশাসন কাঁদছে, আর আমরা দেখছি। অথচ সরকার এখনো কিছুই করছে না।"
মান্না শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছিলেন।
সরকারের একজন উপদেষ্টার প্রশাসনে দলীয় লোকদের নিয়োগ দেওয়ার ঘোষণার সমালোচনা করে সাবেক ডাকসু ভিপি মান্না বলেন, "দেশের সর্বত্রই এক ধরনের মহোৎসব চলছে।
"কারণ আমরা মনে করি, পাঁচ বছর নির্যাতন সহ্য করেছি, দল ক্ষমতায় এলেই অর্জন করতে হবে। আমাদেরকে এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।"
সংগঠনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, সিপিবি'র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বক্তব্য রাখেন।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে আওয়ামী লীগের যেসব নেতা দলে সংস্কারের প্রস্তাব এনেছিলেন তাদের একজন মাহমুদুর রহমান মান্না।
আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদে থাকলেও নবম সংসদ নির্বাচনে ক্ষমতায় আসার পর গঠিত আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাননি মান্না। সংসদ নির্বাচনেও তাকে প্রার্থী করা হয়নি।
গত ১৭ সেপ্টেম্বর পাবনার জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জেলায় এ হামলার পর গত ২৩ সেপ্টেম্বর পানবায় এক মতবিনিময় সভায় সরকারি দলের নেতা-কর্মীদের তাণ্ডবের কথা তুলে ধরে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন পাবনার প্রশাসনিক কর্মকর্তারা।
সেখানে কয়েকজন সরকারি কর্মকর্তা কেঁদেও ফেলেন। কেউ কেউ বলেন, চাকরি জীবনে এ ধরনের ঘটনার মুখোমুখি আর কখনো হননি তারা।
সুজনের সম্মেলনে ইনাম আহমেদ চৌধুরী বলেন, "পাবনায় প্রশাসনের অশ্র" শুধু তাদের নয়, দেশের জাগ্রত জনতার বিবেকের অশ্র"। এ অবস্থায় প্রশাসন চলতে পারে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৫৩৯ ঘ.
bdnews24