মানিকগঞ্জ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থকরা পাবনায় প্রশাসনের কর্মকর্তাদের যেভাবে লাঞ্ছিত করেছে, তা দেশের ইতিহাসে বিরল বলে দাবি করছেন প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আরো বলেন, "বর্তমান মহাজোট সরকারের আমলে শুধু বিরোধী দলের নেতা-কর্মীরাই না, প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষও নিরাপদ নয়।"
নিজের নির্বাচনী এলাকা মানিকগঞ্জের ঘিওর ও দৌলতপুর উপজেলার নদী ভাঙ্গন এলাকা ঘুরে দেখার পর দৌলতপুর উপজেলা বিএনপি কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, সরকার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও দুস্থদের কথা না ভেবে দলবাজি ও টেন্ডারবাজিতে ব্যস্ত রয়েছে।
বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকার অমানবিক নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় সরকারি দলের নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জেলায় এ হামলার জন্য যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের দিয়ে অভিযোগের আঙুল উঠেছে।
খোন্দকার দেলোয়ার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জের তরাঘাট থেকে নৌ-পথে প্রথমে কালীগঙ্গা নদী ভাঙ্গনের শিকার বালিয়াখোরা ও পেঁচারকান্দা এলাকা ঘুরে দেখেন। পরে তিনি দৌলতপুর ও ঘিওর উপজেলার বিভিন্ন নদী ভাঙ্গন এলাকায় যান।
এসময় সঙ্গে ছিলেন তার ছেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ, জেলা বিএনপি নেতা মোকসেদুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রশিদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এজে/২১০৫ঘ.
bdnews24