ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিন বিরতির পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মূলতবি বৈঠকটি বৃহস্পতিবার রাতে আবার বসেছে।
এই বৈঠকে সংসদের ষষ্ঠ অধিবেশনে বিএনপির যোগ দেয়া না দেয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে।
রাত ৮টা ৪০ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করছেন।
মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। আড়াই ঘণ্টা চলার পর তা মূলতবি করা হয়।
বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মাহবুবুর রহমান, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমিরউদ্দিন সরকার, সারোয়ারি রহমান, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সালাহউদ্দিন কাদের চৌধুরী উপস্থিত রয়েছেন।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির মঙ্গলবারের বৈঠকে আলোচনা হয়েছে। আজও হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০২ ঘ.
bdnews24