২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পরবর্তী শুনানি ১২ অক্টোবর

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার আবেদনের ওপর আগামী ১২ অক্টোবর পরবর্তী শুনানি হবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 05:08 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার আবেদনের ওপর আগামী ১২ অক্টোবর পরবর্তী শুনানি হবে। বুধবার সকালে সাঈদীর অনুপস্থিতিতে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ তারিখ ঠিক করেছে। মঙ্গলবার হাজির করা হলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে বুধবার নেওয়া হয়নি। বিচারক মো. নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদ আসন গ্রহণের পর সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়। বেলা পৌনে ১১টার দিকে মামলার পরবর্তী তারিখ ধার্য করার পর আদালত মুলতবি করা হয়। সাঈদী অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করা হয়নি বলে কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে। এজন্য তার উপস্থিতিতে শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়। আদালতের কার্যক্রমের শুরুতেই সাঈদীর গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে মঙ্গলবার দেওয়া আবেদনের সঙ্গে একটি সম্পূরক আবেদন পেশ করেন প্রসিকিউশন পক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী। এই আবেদনে সাঈদীকে গ্রেপ্তার করা না হলে তিনি মুক্তাবস্থায় বিদেশে চলে যেতে পারেন কিংবা তদন্ত কার্যক্রমে বাধা প্রদান করতে পারেন বলে আশঙ্কার কথা বলা হয়েছে। সম্পূরক আবেদনটির ওপর সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম কথা বলতে চাইলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. নিজামুল হক বলেন, "শুনানির দিন এ বিষয়ে শুনব।" ট্রাইব্যুনাল কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে কিনা- এ বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম প্রশ্ন তুললে আদালত তাকে বলেন, "এই ট্রাইব্যুনাল তা পারে। আপনি এখন বসুন।" আদালতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, জেয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার ও আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। আদালতের কার্যক্রম শেষে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম সম্পূরক আবেদনটি আইনসম্মত নয় বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, "আমরা নিশ্চিত সাঈদী সাহেব সুস্থ আছেন। বিচার কার্যক্রম বিলম্বিত করতে প্রসিকিউশন আদালতে হাজির না করার এই কৌশল নিয়েছে।" তবে চিফ প্রসিকিউটর টিপু সাংবাদিকদের বলেন, "আমরা আদালতের আদেশেই আইনসম্মতভাবে সম্পূরক আবেদনটি দিয়েছি।" মানবতাবিরোধী ওই মামলায় সাঈদীকে মঙ্গলবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাঈদীর অসুস্থতা সম্পর্কে নাম প্রকাশ না করার শর্তে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে সাঈদী সাহেবকে বুধবার হাজির করার আদেশ থাকলেও তা করা যাচ্ছে না। এ জন্য পূর্বাহ্নে এ বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।" তবে সাঈদী কখন অসুস্থ হয়ে পড়েন এবং তার অসুস্থতার প্রকৃতি কী- সে সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান। একই অপরাধের মামলায় এর আগে গত ২ অগাস্ট জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চারজনকে এ মামলায় গ্রেপ্তার রাখার আদেশ দিয়ে কারাগারে পাঠায়। ট্রাইব্যুনাল গত ২৬ জুলাই ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে জামায়াতে ইসলামীর এই চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে ২ আগস্ট হাজির করার আদেশ দেন। এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হয়। এরপর ট্রাইব্যুনাল গত ৫ অগাস্ট ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ১০ অগাস্ট (মঙ্গলবার) হাজির করার আদেশ দিয়েছিলো। ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে। সাঈদীকে ১০ অগাস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হলেও অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে পারেনি। পরে ২৪ আগস্ট তার হাজিরার দিন ধার্য হলেও ট্রাইব্যুনালের সংস্কার কাজের জন্য তা সম্ভব হয়নি। নিজামী, মুজাহিদ, সাঈদী, কামারুজ্জামান ও কাদেরকে স