ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
সংসদ ও সাংসদদের পাশ কাটিয়ে 'অগণতান্ত্রিক' সরকারকে উৎসাহিত করার ক্ষেত্রে সংবাদমাধ্যমের কথিত ভূমিকা নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় মন্ত্রী এ দাবি জানান।
নৌমন্ত্রীর এই দাবির প্রতি সমর্থন জানান পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি প্রথম আলো সম্পাদককে সংসদে ডেকে আনার দাবি জানিয়ে বলেন, "মতিউর রহমানের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। তাকে ডাকুন। তাকে বলুন ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি কী করেছেন ? তার কাছে জানতে চান, একতার সম্পাদক হিসাবে শুরু করে তুমি কোথায় এসেছো ? তিনি কতবার বিদেশে যান।"
জাতীয় সংসদ এবং সাংসদদের নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় এ অনির্ধারিত আলোচনা হয়।
শাজাহান খান বলেন, "২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলায় প্রথম আলো সম্পাদক জড়িত বলে মানববন্ধন হয়েছে। ওই হামলায় মতিউর রহমান জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এরাই তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিবিদদের বিরুদ্ধে কুৎসা রটিয়েছিল।"
এরআগে স্পিকার আব্দুল হামিদ বলেন, "এ ধরনের সংবাদ প্রকাশ করে সংসদ সদস্যদের অজনপ্রিয় করার মানে কী ? সংসদ না থাকলে কী আসবে ? দেশে থাকবেটা কী ? তারা দেশটাকে কোনদিকে নিতে চান ?"
সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানি নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে আবদুল হামিদ বলেন, "উপজেলা চেয়ারম্যানদের গাড়ির বিষয়ে কোনো কথা হয় না। সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের গাড়ি কিনে দেওয়ার কথা বলা হয়েছিলো। কিন্তু, গাড়ি কিনতে আমাকে একটি গাড়ি কোম্পানির পক্ষ থেকে ২০০ কোটি টাকা ঘুষ সাধা হয়েছিলো।"
লতিফ সিদ্দিকী আরো বলেন, "এক-এগারোর পর এই সংবাদপত্রের কী ভূমিকা ছিলো ? কোনো একটি সংস্থার বিশেষ অনুকূল্যে একটি বিশেষ পত্রিকা প্রকাশিত হয় বলে কথিত রয়েছে।"
আওয়ামী লীগ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "কতিপয় সংবাদপত্র এবং সাংবাদিক নিয়ে প্রশ্ন উঠছে। আশা করি, তারা আরো দায়িত্বশীল হবেন। বাংলাদেশেই সংসদে আমাদের কোনো বিশেষ সুবিধা নেই। এরা গণতন্ত্রের বিপরীতে অন্য কোনো স্বৈরতন্ত্রের কথা ভাবছেন কি না ভাবতে হবে।"
সংসদকে 'অবমাননা' করে কিছু সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করছে দাবি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সুরঞ্জিত। বিদ্যমান আইনেই এসব সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে তিনি অভিমত দেন।
ক্ষমতাসীন দলের সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, যারা 'এক-এগারো' সৃষ্টি করেছিলো, সেই চক্রই সাংসদদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
টেলিভিশনের টকশোতে রাজনীতিবিদদের সমালোচনাকারী আলোচকদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রতি এই 'বুদ্ধিজীবীদের' কোনো দায়বদ্ধতা নেই। তারা গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।
'দায়িত্বজ্ঞানহীন' সংবাদ পরিবেশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম বলেন, "অধিকার ক্ষুন্নের জন্য আপনি ব্যবস্থা নিতে পারেন।"
জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল বলেন, সংসদ অভয় দিয়েছে বলেই পত্রিকাগুলো লিখছে। ভবিষ্যতেও অভয় দেওয়া হবে।
ঘন্টাব্যাপী এই আলোচনায় আরো অংশ নেন, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু এবং আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24