সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও যুবলীগ সমর্থকদের হামলায় সিরাজগঞ্জে শ্রমিক দলের সভা পণ্ড হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তিনজন আহত হয়েছেন।
শনিবার সকালে কাজীপুরের সোনামুখি বাজারে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি পরিচিতি সভা চলাকালে এই হামলা হয়।
আহত কাজীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রবিউল হাসান (৪৩), যুবদলের যুগ্ন-আহবায়ক সাজেদুর রহমান বাবলু (৪২) ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুলল্লাহ-হিল-কাফি খোকনকে (৪২) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতা-কর্মীরা জানান, সকাল ১১টার দিকে সভা চলাকালে ছাত্রলীগ ও যুবলীগের একদল সমর্থক রড, রাম-দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে বিএনপি, শ্রমিকদল ও যুবদলের তিন নেতাকে আহত করেছে।
কাজীপুর থানার ওসি মনোজ কুমার রায় জানান, সোনামুখি বাজারে খোকনের বাড়িতে বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা একটি সভা করছিরলন। ওই সময় ছাত্রলীগের সমর্থকরা হামলা করে সভা পণ্ড করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখনো মামলা হয়নি বলে জানান তিনি।
হাসপাতালে আহতদের দেখতে এসে জেলা বিএনপি সাধারণ সম্পাদক কে এম মোকাদ্দেস আলী সাংবাদিকদের বলেন, আইন-শৃংখলা বাহিনী সক্রিয় থাকলে এ ধরনের ঘটনা ঘটত না।
তিনি এ ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেন।
এ ব্যাপারে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বলেন, এ হামলার সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই জড়িত নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24