২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আ'লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার সকালে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তাদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় বিএনপি কোলাপাড়া ইউনিয়ন পরিষদে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এতে যোগ দিতে আশপাশের গ্রাম থেকে বিএনপি নেতা-কর্মীরা আসতে থাকে। একটি মিছিল কোলাপাড়া বাজার হয়ে আসার সময় মিছলের এক বিএনপিকর্মীর সঙ্গে এক স্থানীয় যুবলীগ এক নেতার ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সংঘর্ষ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা বিএনপি সভাপতি মোমিন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোলাপাড়া বাজারে বিএনপি নেতা-কর্মীরা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় যুবলীগের কয়েকজন তাদের ওপর হামলা করে। তাদের ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী আহত হন বলেও তিনি জানান। এদিকে স্থানীয় আওয়ামী লীগ সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ জানান, মোমিন আলীর লোকজন যুবলীগ নেতা লিটনের ওপর হামলা করে। এতে লিটন আহত হলে নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.