২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

তরুণীকে উত্ত্যক্ত করার জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে। আহত হন ৩০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:37 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরুণীকে উত্ত্যক্ত করার জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে এক কৃষক লীগ নেতার মৃত্যু হয়েছে। আহত হন ৩০ জন। নিহত মন্টু শেখ (৪০) ভাঙ্গা পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক। আহতদের মধ্যে মিজান (২০) ও সাইদুল (৩০) নামের দু'জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সোমবার সকালে উপজেলা সদরের হোগলাকান্দি ও ছিলাধরচর গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় দুইটি বাড়ি ভাংচুর করা হয় এবং একটিতে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ও র‌্যাব গিয়ে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাচ্চু মোল্লা (৪০) ও মাসুদ মোল্লা (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে। ভাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে ছিলাধরচার গ্রামের একটি মেয়েকে কয়েকজন তরুণ উত্ত্যক্ত করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার সকালে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি সার্কেল) ইমামুর রশীদ স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু এরপর আওয়ামী লীগ সমর্থক পৌর কাউন্সিলর লিয়াকত মোল্লা ও তার প্রতিপক্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতা শেখ সৈয়দ আলীর সমর্থকরা রাম দা, ঢাল, তলোয়ার ও সড়কিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েক হাজার গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। ধারালো অস্ত্রের আঘাতে শেখ সৈয়দ আলীর পক্ষের মিন্টু শেখ ঘটনাস্থলে নিহত হন। এরপর সৈয়দ আলীর সমর্থকরা হোগলাকান্দি গ্রামের দুইটি বাড়ি ভাংচুর করে এবং একটি বাড়িতে আগুন দেয়। এ ব্যাপারে লিয়াকত মোল্লা বলেন, "ওরা নিজেরাই নিজেদের লোক মেরে আমার বাড়িঘরে ভাংচুর চালায় এবং ঘরে আগুন দেয়। আমি অবশ্যই মামলা করব।" শেখ সৈয়দ আলীর ভাই খায়ংরুল জানান, "আমরা পুলিশের উপস্থিতিতে মীমাংসা মেনে নিয়েছিলাম। কিন্তু তারা গলা কেটে মন্টুতে খুন করে লাশ পুড়ে ফেলার চেষ্টা করেছে।" তারাও মামলা করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৬ ঘ.