বরিশাল, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় বিএনপির অঙ্গসংগঠনের দু'গ্র"পের মধ্যে সংর্ঘষের পর স্থানীয় প্রশাসন সব ধরনের সভা সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষ ঘটে। রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
হিজলা উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজু জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে টেকেরহাটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গিয়াস দেওয়ান ও গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মিন্টু তালুকদারের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে পরে উভয় নেতার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। উভয় নেতার সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে গুয়াবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মিন্টু তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাসান তালুকদার, ছাত্রদল নেতা খোকন তালুকদার ও আসাদুজ্জামান খান মজনু।
তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তারা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছে বলে নিশ্চিত করেন সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজু। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে হিজলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে উপজেলা চত্তরে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র নেতা সুমন দেওয়ানকে সংবর্ধনা দেয়ার কথা ছিল। এজন্য ছাত্রদল সকল প্রস্তুতিও সম্পন্ন করে।
কিন্তু প্রশাসন সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করায় সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে বলে জানান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজু।
তিনি আরো জানান, দলের সিনিয়র নেতাদের সাথে আলাপ আলোচনা করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি রফিক হোসেন জানান, এই মহুর্তে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/বরিশাল/১১৪৫ ঘ.
bdnews24