২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ড মওকুফ আইনের শাসনের পরিপন্থী: বিএনপি

গামা হত্যামামলার আসামিদের দণ্ড মওকুফের সমালোচনা করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, আইনি প্রক্রিয়া শেষ না করে এভাবে সাজা মওকুফ আইনের শাসনের পরিপন্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 09:53 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গামা হত্যামামলার আসামিদের দণ্ড মওকুফের সমালোচনা করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, আইনি প্রক্রিয়া শেষ না করে এভাবে সাজা মওকুফ আইনের শাসনের পরিপন্থী। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হয়েছে বলেও মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। গত সোমবার রাষ্ট্রপতির ক্ষমা করেন চারদলীয় জোট সরকারের ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মদ ওরফে গামা হত্যামামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২০ আসামিকে। এরপর ১৪ জন মুক্তিও পেয়েছেন। যারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নাটোরের নেতা-কর্মী। এর প্রতিক্রিয়ায় বুধবার এক সংবাদ সম্মেলনে রফিকুল বলেন, "আদালতের প্রক্রিয়া শেষ না করে এভাবে দণ্ড মওকুফের ফলে রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হয়েছে বলে আমরা মনে করি। এরূপ প্রক্রিয়া আইনের শাসনের পরিপন্থী। এর ফলে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। আমরা এই প্রক্রিয়ার প্রতিবাদ জানাচ্ছি।" সাজা মওকুফে সংবিধানের ৪৯ ধারায় রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতার কথা উল্লেখ করে ব্যারিস্টার রফিকুল বলেন, "আমরা দণ্ড মওকুফ চ্যালেঞ্জ করছি না। কিন্তু যেভাবে গামা হত্যা মামলার আসামিদের উচ্চ আদালতের প্রক্রিয়াগুলোকে স্বাভাবিক নিয়মে চলতে না দিয়ে করা হয়েছে, তাতে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে যে এটি পূর্ব পরিকল্পিত কিনা।" "মামলার বিচার প্রক্রিয়া শেষ না করে দণ্ড কিংবা সাজা মওকুফের ফলে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে এতে হত্যাকে উৎসাহিত করা হয়েছে। আমরা এরকম প্রক্রিয়ার প্রতিবাদ জানাচ্ছি", বলেন তিনি। স্বাভাবিক নিয়মে বিচার প্রক্রিয়ার পর্যায়গুলো সম্পন্ন করে দণ্ড মওকুফ হলে তাতে জনমনে আস্থাহীনতা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেন রফিকুল। এই প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, "সাজা মওকুফের পর আসামিদের মঙ্গলবার ফুলের মালা দিয়ে বরণ করে প্রতিমন্ত্রী বলেছেন, 'রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাজা মওকুফ করেছেন'। সংবিধানে দণ্ড মওকুফ করার ক্ষমতা রাষ্ট্রপতির। প্রতিমন্ত্রীর ওই বক্তব্যে প্রতীয়মান হয় যে ক্ষমা ঘোষণায় নির্বাহী বিভাগ তথা সরকার রাষ্ট্রপতিকে প্রভাবিত করেছে।" প্রতিমন্ত্রী আহাদ আলীর বাড়ি নাটোরে। ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি নাটোরের নলডাঙ্গা থানার রামশারকাজিপুর আমতলী বাজারে দুলুর ভাতিজা গামাকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয়। গামার বাবা রফিকুল ইসলাম তালুকদার বাদি হয়ে ৮ ফেব্র"য়ারি নলডাঙ্গা থানায় আওয়ামী লীগ নেতা এসএম ফিরোজসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলার তদন্ত শেষে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ২৪ অগাস্ট ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক ফিরোজ আলম ২১ জনের ফাঁসির দণ্ডাদেশ দেন।। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে রফিকুলের সঙ্গে ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, আইন বিষয়ক সহ-সম্পাদক খোরশেদ আলম, শিল্প বিষয়ক সহ-সম্পাদক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস আখতার ওয়াহিদা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫০ ঘ.