গাজীপুর, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ শুক্রবার ভোরে দেশে ফিরেছেন।
যুক্তরাষ্ট্র থেকে ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর বনানীতে মায়ের বাসায় যান।
বিমানবন্দরে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগ নেতা মো. মোতাহার হোসেন, কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মো. আজগর রশিদ খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনসহ স্থানীয় নেতারা তাকে স্বাগত জানান।
কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আজগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তানজিম আহমেদ বিমানবন্দরে স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি জানান, ২৭ রোজায় গ্রামের বাড়ি কাপাসিয়ার দরদরিয়ায় ইফতার পার্টিতে যোগ দেবেন।
২০০৯ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন গাজীপুর-৪ আসনের এ সাংসদ। এর পাঁচ মাসের মাথায় ৩১ মে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের পর তানজিম যুক্তরাষ্ট্রে যান এবং কিছুদিন পর দেশে ফিরে আসেন। এরপর দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে যাওয়ার পর শুক্রবার ফিরলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১১৫৬ ঘ.
bdnews24