২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশ প্রত্যাহার অসৌজন্যমূলক'

নির্বাচন কমিশনারদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারকে সরকারের অসৌজন্যমূলক আচরণ হিসেবে দেখছেন এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনারদের পুলিশি নিরাপত্তা প্রত্যাহারকে সরকারের অসৌজন্যমূলক আচরণ হিসেবে দেখছেন এম সাখাওয়াত হোসেন। এই নির্বাচন কমিশনার বলেছেন, পুলিশ প্রত্যাহারের আগে এই বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। গত সোমবার মধ্যরাত থেকে দুই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর প্রতিক্রিয়ায় সাখাওয়াত বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "জিজ্ঞাসা না করে নিরাপত্তা প্রত্যাহার করাটা অসৌজন্যমূলক ও দুঃখজনক। দীর্ঘ প্রায় চার বছর পুলিশি নিরাপত্তা রাখার পর এ ধরনের আচরণ একটি প্রতিষ্ঠানকে অপমান করার শামিল।" প্রধান নির্বাচন কমিশনারও নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি জানেন না দাবি করে তিনি বলেন, নিরাপত্তাকাজে নিয়োজিত থাকা একজন ড্রাইভারকে দিয়ে বিষয়টি তাদের জানানো হয়েছে। সাখাওয়াত বলেন, "সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ নিজে থেকে এ আচরণ করেছে কি না, তা জানি না। এমন করাটা উচিৎ হয়নি। এতদিন পরে এ ধরনের আচরণ কী ইঙ্গিত বহন করে তা-ও জানি না।" পুলিশ প্রত্যাহারের পর নিরাপত্তার কোনো অভাব বোধ করছেন কি না- জানতে চাওয়া হলে তিনি অবশ্য বলেন, তারা কোনো ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন না। "তবে তাদের এ ধরনের আচরণ করা উচিৎ হয়নি", যোগ করেন সাখাওয়াত। বহুল আলোচিত এমএ আজিজ কমিশনের পদত্যাগের পর গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন তিন সদস্যদের নির্বাচন কমিশন গঠিত হয়। ২০০৭ সালের ৫ ফেব্র"য়ারি ছহুল হোসাইন এবং ১৪ ফেব্র"য়ারি সাখাওয়াত হোসেন পুলিশি নিরাপত্তাসহ কমিশন সচিবালয়ে অফিস করা শুরু করেন। এর পর টানা প্রায় পৌনে তিন বছর তারা ওই সুবিধা পেয়ে আসছিলেন। পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, গাড়ি স্বল্পতার কারণে নির্বাচন কমিশনারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ প্রত্যাহার করা হয়েছে। ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (ডিসি-প্রটেকশন) ফয়েজ আহমেদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাড়ি স্বল্পতা ও বর্তমান গণতান্ত্রিক পরিবেশের কারণে 'আপাতত' নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনারদের পুলিশ প্রত্যাহারের দিনটিতেই পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান হাসান মাহমুদ খোন্দকার। তিনি আগে র‌্যাবের মহাপরিচালক ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসি কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত জুন মাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচনী এলাকায় র‌্যাব মোতায়েন নিয়ে হাসান মাহমুদের সঙ্গে নির্বাচন কমিশনের মতদ্বন্দ্ব দেখা দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এমআই/১৫৪০ ঘ.