রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাগুলির ঘটনায় দায়ের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফিরোজ মো. আরিফুর রহমান বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ'র ছাত্র।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের অকট্রয় মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৭ অগাস্ট ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় পাল্টাপাল্টি মামলা হয়।
তিনি বলেন, সাধারণ সম্পাদকের সমর্থক আজিজুল হকের দায়ের মামলায় সভাপতির সমর্থক ফিরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোলাগুলির ঘটনায় সাধারণ সম্পাদকেও গ্রেপ্তার করা হয়। পর দিন রাবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়।
ফিরোজের বিরুদ্ধে গত সোমবার রাবির দর্শন বিভাগের এক ছাত্রকে হাতুড়িপেটা ও পেরেক মারারও অভিযোগ রয়েছে।
ওসি জানান, ফিরোজকে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১২৩৯ ঘ.
bdnews24