ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালনের জন্য সোমবার রাতে সৌদি আরব পৌঁছেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে তিনি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
এরপর তিনি সড়ক পথে মদিনার উদ্দেশে রওনা হন।
সেখান থেকে তিনি হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করতে রওনা হবেন বলে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদা জিয়ার সফর সঙ্গী প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি আরো জানান, মদিনা থেকে মক্কায় এসে বিএনপি চেয়ারপারসন ওমরাহ করবেন।
সোমবার বিকাল ৪টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খালেদা জিয়া সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমেদ, সারোয়ারি রহমান, সহসভাপতি সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খালেদা জিয়ার সঙ্গে আট সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, নাতনী জাহিয়া রহমান, ছোটভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও ফটোগ্রাফার নুরুউদ্দিন আহমেদ।
তারাও একই ফ্লাইটে সৌদি আরব যান।
মারুফ কামাল খান আরো জানান, খালেদা জিয়া সৌদি আরব সফরকালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদ-এর বিশেষ রাজকীয় মেহমান হিসেবে মক্কার রয়্যাল প্যালেসে অবস্থান করবেন।
আগামী ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০৪০ ঘ.
bdnews24