২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর পাচার করা টাকা ফিরিয়ে আনার আবেদনের শুনানি মুলতবি

বএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের আবেদনের উপর শুনানি দ্বিতীয় বারের মতো পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 10:16 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের আবেদনের উপর শুনানি দ্বিতীয় বারের মতো পিছিয়ে গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সময় আবেদনের কারণে শুনানি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের বিশেষ সরকারি কৌশুলি মোশারফ হোসেন কাজল সোমবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে শুনানি মুলতবি চান। আদালতের বিচারক মোজাম্মেল হোসেন শুনানির জন্য এ দিন ধার্য করেন। মুলতবির আবেদনে বলা হয়, মামলাটির শুনানি করবেন এটর্নি জেনারেল। তিনি উচ্চ আদালতে ব্যস্ত থাকায় এই শুনানিতে উপস্থিত হতে পারেননি। কোকোর পক্ষে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়া হয়। মামলার অপর আসামি সাবেক নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল (অব.) আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন পলাতক আছেন। দুর্নীতি দমন কমিশনের বিশেষ সরকারি কৌশুলি মোশারফ হোসেন কাজল বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ ব্যাংক কোকোর সিঙ্গাপুরে পাচার করা ৬ কোটি ২৪ লাখ ৮৯ হাজার ৭৮ টাকা রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করার জন্য গত ১২ জুলাই আবেদন করে। গত বছরের ১৭ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও সায়মনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগে বলা হয়, কোকো অপর আসামি সায়মনের সহায়তায় অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার জন্য ২৮ লাখ ৮৪ হাজার ৬০৩ সিঙ্গাপুরি ডলার এবং ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার অবৈধ উপায়ে কৌশলে বিদেশে পাচার করেছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদিন মেজবাহ, মহিউদ্দিন আহমেদ প্রমুখ আইনজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৬০৯ ঘ.