২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল ও কামালের তিনদিনের রিমান্ড

যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সোহেল আহমেদ ও কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তিনদিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম) - যুবলীগ নেতা ইব্রাহিমের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সোহেল আহমেদ ও কামাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তিনদিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গোয়েন্দা পুলিশের (ডিবি) এক আবেদনে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ অনুমতি দেয়। ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় গত রোববার সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের ব্যক্তিগত সচিব (পিএস) সোহেল আহমেদ ও গাড়িচালক কামাল হোসেনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার দুপুরে সোহেল ও কামালকে ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে তাদেরকে আদালতে পাঠায় ডিবি পুলিশ। শুনানি শেষে হাকিম জুলফিকার হায়াত তাদেরকে তিনদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এদিকে শের-ই-বাংলা নগর থানায় শাওনের গাড়িচালক কামালের করা অপমৃত্যু মামলার প্রতিবেদন সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশেই প্রতিবেদনটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিবির উপ-পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। গত ১৩ অগাস্ট শাওনের আগ্নেয়াস্ত্রের গুলিতে যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদের মৃত্যু হয়। সেদিনই শের-ই-বাংলা নগর থানায় একটি টাইপ করা এজাহার নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেন কামাল। অন্যদিকে শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে আদালতে ১৮ অগাস্ট একটি হত্যামামলা দায়ের করেন ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ শাওন। আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী কোনো অদেশ না দিয়ে আগে গাড়িচালক কামালের করা অপমৃত্যু মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএইচ/এজে/১৫১৭ ঘ.