রংপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকালে রংপুর শহরের পায়রা চত্বরে সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
নবগঠিত জেলা কমিটির সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি এসএসসি পাশ, যুগ্ন সম্পাদক অষ্টম শ্রেণী পাশ এবং সাংগঠনিক সম্পাদক 'চিহ্নিত সন্ত্রাসী' বলে দাবি করেন তারা।
পায়রা চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন জেলার সিনিয়র সভাপতি মোস্তাফিজার রহমান, যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম লিটন, কারমাইকেল কলেজের আহবায়ক তিতু, রংপুর সরকারি কলেজের রুবেল প্রমুখ।
তারা অভিযোগ করেন, ঢাকায় কেন্দ্রীয় নেতাদের 'ম্যানেজ করে অছাত্র আর সন্ত্রাসীদের নিয়ে কমিটি গঠন করে' সংগঠনের নেতা-কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।
তারা বলেন, নতুন সভাপতি জহিরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম এসএসসি এবং যুগ্ন সম্পাদক উৎপল কুমার এইট পাশ। এছাড়া সাংগঠনিক সম্পাদক সুমন কখনো ছাত্রদল করেননি এবং ঢাকায় বসবাস করেন। তিনি 'একজন চিহ্নিত সন্ত্রাসী' বলেও উল্লেখ করা হয়।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের অব্যবহিত আগের কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহফুজ-উন-নবী ডন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব অভিযোগ সত্য নয়।
তবে এসব নেতারা আসলে কী পাশ তাও তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৪ ঘ.
bdnews24