২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধানের বিষয় সংসদে মীমাংসা হওয়া উচিত: গয়েশ্বর

সংবিধানের সংশোধনীর অবৈধতার বিষয়গুলো আদালতে নয়, সংসদে নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2010, 09:40 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের সংশোধনীর অবৈধতার বিষয়গুলো আদালতে নয়, সংসদে নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "আদালত সপ্তম সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছেন। তবে সংবিধানের বিষয়গুলো জাতীয় সংসদেই মীমাংসা হওয়া উচিত। এসব বিষয় আদালতে এনে মূলত আদালত সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে।" বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এরশাদের সামরিক শাসন সংক্রান্ত সংবিধানের সপ্তম সংশোধনীকে অবৈধ বলে রায় দেয়। গয়েশ্বর বলেন, "সংবিধানের সংশোধনীগুলোর বিষয়ে আদালতে শরনাপন্ন হওয়াটা সঠিক পথ নয়। এতে সংসদের গুরুত্ব কমে যায়। বরং এ বিষয়গুলো জাতীয় সংসদে আলোচনা করে সমাধান করা বাঞ্চনীয়।" এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করে বলেন, "সরকার নিজের ব্যর্থতা আড়াল করতে পরিকল্পিতভাবে ২১ অগাস্ট ঘটনার সঙ্গে বিএনপি ও জিয়া পরিবারকে জড়িত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর মাধ্যমে তারা জনগনকে বিভ্রান্ত করতে চায়।" এর আগে গয়েশ্বর নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে দরিদ্র ও দুঃস্থ মানুষের মধ্যে সাড়ে ৪ হাজার ইফতার ও ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। আবদুল্লাহপুর, রাজেন্দ্রপুর, হুক্কাপট্টি, গোশাইরঘাট, চুনকুটিয়া প্রভৃতি এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণকালে তার সঙ্গে ছিলেন, স্থানীয় নেতা নাজিম উদ্দিন , আহসানউল্লাহ চৌধুরী, শাহনেওয়াজ, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, মেজবাহ উদ্দিন, নুরুল হক প্রমূখ। গত কয়েকদিনে কেরানীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ১০ হাজার দরিদ্র ও দুঃস্থ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৩৬ ঘ.