ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে করা ১৫টি মানহানির মামলা কেন বাতিল করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।
বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ বিষয়ে জবাব দিতে সরকারকে দুই সপ্তাহ সময় দিয়েছে।
১৫ মামলার কার্যক্রম বাতিলে ফারুকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় বেঞ্চ। একইসঙ্গে মামলাগুলোর কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়।
জয়নুল আবদিন ফারুকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
সজীব অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত বলে গত ১২ মার্চ বক্তব্য দেন জয়নুল।
এ বক্তব্যের পরবর্তী সময়ে ফারুকের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, নোয়াখালী, রংপুর, পাবনা, নড়াইল, পঞ্চগড়, নীলফামারী, বগুড়া, মাগুরা ও শরীয়তপুরে মানহানির মামলা ১৫টি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০০২ ঘ.
bdnews24