ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানের ১০ম দিনে পেশাজীবীদের সঙ্গে ইফতার করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার খালেদা জিয়া সংসদ ভবন প্লাজায় খালেদা জিয়া পেশাজীবীদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করেন। এর আগে তিনি এতিম ও উলামা-মাশায়েখ, রাজনীতিবিদ ও কুটনীতিকদের সন্মানে ইফতার পার্টি দেন।
ইফতারের আগে বিরোধী দলীয় নেতা সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দোয়া মাহফিলে অংশ নিয়ে সবাই ইফতার করেন।
সাবেক প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছের হোসেন, সাবেক বিচারপতি আবদুর রউফ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজ্ঞ রফিকুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, এস এম এ ফায়েজ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, এফবিসিসিআই'র সাবেক সভাপতি আনিসুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ হায়দার, কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, সম্পাদকদের মধ্যে শফিক রেহমান, মাহবুবুল আলম, গোলাম সারোয়ার, শাহজাহান সরদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রহুল আমিন গাজী, ইলেক্ট্রনিক মিডিয়ার সাইফুল বারী, সাইখ সিরাজ, মোস্তফা ফিরোজ, চলচিত্রকার চাষী নজরুল ইসলামসহ কয়েক 'শ আমন্ত্রিত অতিথি ইফতারে যোগ দেন। দলের সিনিয়র নেতারাও ইফতারে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭২৩ ঘ.
bdnews24