২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড হামলার সম্পূরক অভিযোগপত্র শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক (সাপ্লিমেন্টারি) অভিযোগপত্র শিগশিরই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 09:27 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার সম্পূরক (সাপ্লিমেন্টারি) অভিযোগপত্র শিগশিরই আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। '২১শে অগাস্ট গ্রেনেড হামলা দিবস' শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে দলের নেত্রী আইভি রহমানসহ ২৪ নিহত এবং কয়েকশ ব্যক্তি আহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। মামলাটির পুনঃতদন্ত চলছে। শিগগিরই আদালতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) অভিযোগপত্র দাখিল করা হবে।" বিগত বিএনপি জোট সরকারের আমলে এ হামলা হয় উল্লেখ করে তিনি বলেন, "মামলাটি নিয়ে 'জজমিয়া' নাটক তৈরির চেষ্টা করে হামলার দায় চাপাতে চেয়েছিল আওয়ামী লীগের উপর। কিন্ত তাদের সে অপচেষ্টা সফল হয়নি।" বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম সঠিকভাবে চলছে জানিয়ে সাহারা খাতুন বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি তদারকি করছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এ মামলার অধিকতর তদন্তের দাবি জানান আইনজীবিরা।" আদালতের নির্দেশে এখন মামলার পুনঃতদন্ত কাজ চলছে বলে জানান তিনি। বঙ্গবন্ধু হত্যা ও ২১ অগাস্ট গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা মন্তব্য করে তিনি বলেন, "মূল হামলাকারি এবং তাদের মদতদাতা কেউই বিচারের হাত থেকেই রেহাই পাবে না।" বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে অবিলম্বে বিদেশ থেকে খুঁজে বের করে এনে তাদের শাস্তি কার্যকর করা হবে বলে জানান তিনি। সভায় বক্তব্য দেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিলীপ রায়, বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি মো. হেমায়েতউদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৫২০ ঘ.