২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিমের বিরুদ্ধে খালেদার গাড়িবহরে হামলার মামলা বাতিল

আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিরুদ্ধে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বিরুদ্ধে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা বাতিল করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলাটি বাতিলে শেখ সেলিমের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। ২০০১ সালের ২০ জুন খালেদার গাড়ি বহরে হামলার অভিযোগে মাদারীপুর সদর থানায় স্থানীয় যুবদল নেতা খন্দকার মাসুদুর রহমান মামলাটি দায়ের করেন। ওই বছরের ৩ জুলাই এ মামলায় চুড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। কিন্তু ওই বছরের ১০ অক্টোবর মামলাটি পুনুরুজ্জীবিত করা হয়। ২০০২ সালের ২৮ নভেম্বর পুলিশ এ মামলায় শেখ সেলিমসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। মামলাটি বাতিলের জন্য শেখ সেলিম আবেদন করলে হাইকোর্ট ২০০৩ সালের ১৭ মার্চ রুল জারি করে ও মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। শেখ সেলিমের পক্ষে হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। মেহেদী হাসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট শেখ সেলিমের বিরুদ্ধে দায়ের করা খালেদার গাড়ি বহরে হামলার মামলা বাতিল করেছে।" সরকার পক্ষে শুনানি করেন ড. মোহাম্মদ বশিরুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএনএস/এইচএ/২২৪৩ঘ.