২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ইফতার নিয়ে ছাত্রলীগে সংঘর্ষ, বহিষ্কার ৮

ইফতার নিয়ে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতার নিয়ে বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগের ৮ কর্মীকে সংগঠন থেকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী চলে যাওয়ার পরপরই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ইফতারি নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা জহির উদ্দিন বাবর এবং রফিকুল ইসলাম শ্রাবণ সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বাবর ও শ্রাবণ দুজনই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন সমর্থক। ইফতারি কম পাওয়ার জন্য শ্রাবণ গ্র"পের জালাল আহমেদ প্রতিপক্ষ বাবর গ্র"পের সন্দ্বীপ কুমার দাসকে দোষারোপ করে। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। দু'পক্ষই ইট-পাটকেল, রড ও লাঠি নিয়ে পরস্পরকে ধাওয়া করে। এ সময় সেমিনার কক্ষের চেয়ার-টেবিল, দরজা ও জানালার কাঁচ ভাংচুর করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান এবং কোতয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিজেদের মধ্যেই এ ঘটনা ঘটেছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটজনকে এক মাসের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।" এরা হলেন সন্দ্বীপ কুমার দাস, জালাল আহমেদ, জহির উদ্দিন বাবর, রফিকুল ইসলাম শ্রাবণ, সাইদ আহমেদ, শাহাদত হোসেন, তানভীর আহমেদ এবং সাইফ আহমেদ। প্রক্টর কাজী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এএনএস/এইচএ/২২০০ ঘ.