ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থীকে জয়ী হিসেবে ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুতি দিয়েছে আপিল বিভাগ।
বিচারপতি মো. আব্দুল মতিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট সাংসদ আবুল কাশেমের প্রার্থিতা বাতিল করে জাতীয় সংসদের টাঙ্গাইল-৫ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।
হাইকোর্টের এ রায় ১৭ ডিসেম্বর স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। ওই স্থগিত আদেশ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।
আবুল কাশেমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট এজে মোহম্মদ আলী।
গত বছরের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল কাশেম লাঙল প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ১৫২ ভোট পেয়ে বিজয়ী হন। ৭২ হাজার ৮০৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন মাহমুদুল হাসান।
কাশেমকে ঋণখেলাপি দাবি করে নির্বাচনের পর গত ফেব্র"য়ারি মাসে মাহমুদুল হাইকোর্টে এ আবেদন করেন।
এতে বলা হয়, গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার আবুল কাশেমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল। কিন্তু সোনালী ব্যাংকে তার ১৫ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা ঋণ রয়েছে।
আবেদনে আরও বলা হয়, ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জে কাশেমের নামে ৩২ হাজার ১১০ টাকা ফোন বিল বকেয়া রয়েছে।
হাইকোর্ট এর আগে ভোলার একটি আসনে আওয়ামী লীগ সাংসদ জসিমউদ্দিনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে সেখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। ওই আসনে পরাজিত প্রার্থী বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদের আবেদনে ওই আদেশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/২২১৪ ঘ.
bdnews24