২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ইফতার পার্টিতে যাননি আ. লীগ নেতারা

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ইফতার পার্টিতে যোগ দেননি ক্ষমতাসীন দলসহ ১৪ দলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার ইফতার পার্টিতে যোগ দেননি ক্ষমতাসীন দলসহ ১৪ দলের নেতারা। তবে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, মোস্তফা জামাল হায়দার ও সাংসদ সালমা ইসলাম এতে যোগ দেন। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন এই ইফতার পার্টির আয়োজন করেন। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ইফতার করেন। ইফতারের আগে বিরোধী দলীয় নেতা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে দোয়া মাহফিলে মোনাজাত শেষে ইফতার করেন সবাই। সোমবার গণভবনে রাজনীতিবিদদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ইফতার পার্টিতে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হলেও তিনিসহ দলের কেউ তাতে যোগ দেননি। এ ইফতার পার্টিতে যোগ দিতে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণপত্র পাঠান খালেদা জিয়া। তার একান্ত সচিব সালেহ আহমেদ প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিমা হোসেনের কাছে খালেদার ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। খালেদার ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক ও নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুস সোবহান, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানসহ চার দলীয় জোটের নেতারা যোগ দেন। এছাড়া জাসদের আ স ম আবদুর রব ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ দলের স্থায়ী কমিটির সদস্য, দলীয় সাংসদ ও কেন্দ্রীয় নেতারা ইফতার পার্টিতে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০০ ঘ.