গাজীপুর, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেউ যে আইনের উর্ধ্বে নয় বর্তমান সরকার তা প্রমাণ করেছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
তিনি বলেন, "বঙ্গবন্ধুকে খুনের কথা জাতি ও বিশ্বের সামনে দম্ভ করে বলতো খুনিরা। বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার মাধ্যমে বর্তমান সরকার প্রমাণ করেছে কেউই আইনের উর্ধ্বে নয় এবং অন্যায় করে পার পাওয়া যায় না।"
মঙ্গলবার দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধীদেরও বিচারের উদ্যোগ নিয়েছে। এ সরকারের মেয়াদেই তা সম্পন্ন হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.
bdnews24