ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে জিয়াউর রহমানের সম্পর্কের বিষয়টি প্রমাণ করে বলে মন্তব্য করেছেন মাহাবুব-উল-আলম হানিফ।
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে মঙ্গলবার সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক। একইসঙ্গে তিনি বিরোধীদলীয় নেতা খালেদার প্রতি তার সঠিক জন্মতারিখ ঘোষণা করে জাতিকে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
হানিফ বলেন, "১৫ অগাস্ট খালেদা জিয়া জন্মদিন পালন করে প্রমাণ করেছেন বঙ্গবন্ধু হত্যাকারীদের সঙ্গে তার স্বামী জিয়ার সম্পর্ক ছিল। এখনো তার হত্যাকারীদের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে।"
যুদ্ধাপরাধীদের বিচার এবং খালেদা জিয়া ও তার দুই ছেলের দুর্নীতির বিচার বানচাল করতেই আন্দোলনের নামে খালেদা জিয়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করেন হানিফ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জাতির জনক' হিসাবে সংবিধানিক স্বীকৃতি দেওয়া প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের সোমবারের বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের প্রতিক্রিয়ারও জবাব দেন হানিফ।
বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে স্বাধীনতার ঘোষক হিসাবে সংবিধানে জিয়াউর রহমানের নামও সন্নিবেশিত করার আহ্বান জানান মওদুদ।
মওদুদের ওই বক্তব্যের সমালোচনা করে হানিফ মঙ্গলবার বলেন, "মওদুদের বহুবিদ রাজনৈতিক চরিত্র জনগণ দেখেছে। তার মতো 'জ্ঞানপাপী' কেউ নেই। বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে বিএনপি মানলো কি মানলো না তাতে জাতির কিছু যাবে আসবে না। তারপরও বলছি, ইতিহাস মেনে জাতির পিতাকে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসুন।"
শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮২১ ঘ.
bdnews24