২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর

আগামী ১ সেপ্টেম্বর দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 12:02 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ সেপ্টেম্বর দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ কর্মসূচী ঘোষণা করে দলটি। কর্মসূচিগুলো হচ্ছে- ৩১ অগাস্ট মহানগর নাট্যমঞ্চে দুপুর ১২টায় আলোচনা সভা ও ১ সেপ্টেম্বর সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পস্তবক অপর্ণ এবং কবর প্রাঙ্গণে দোয়া মাহফিল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর জেনারেল জিয়াউর রহমানের ছত্রছায়ায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। মঙ্গলবার সভা শেষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ৩ সেপ্টেম্বর দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মুক্তি দিবস উপলক্ষেও র‌্যালির আয়োজন করা হবে। ছাত্রদল ওই র‌্যালি করবে। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি লন্ডনে। দেলোয়ার আরো জানান, এছাড়া ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তি দিবসও পালনের সিদ্ধান্ত হয়েছে। তবে ওইদিন ঈদুল ফিতরের ছুটি থাকায় পরে এই দিবসটি পালন করা হবে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান খালেদা জিয়া। বিএনপির সহসভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অপর সহসভাপতি শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/আরএ/১৮০০ ঘ.