ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুকে জাতির পিতার সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে সুরঞ্জিত সেন গুপ্তের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার দুপুরে দলের যৌথ সভার পর সাংবাদিকদের কাছে তিনি এই সমালোচনা করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা কেবল নারীকে পুরুষ কিংবা পুরুষকে নারী বানানো ছাড়া আর সবকিছুই করতে পারবে। কিন্তু এটা জনগনের কাছে কতটুকু গ্রহযোগ্য হবে, তা তারা চিন্তা করছে না।"
এ বিষয়ে চিন্তা ভাবনা করে ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিতে সরকারকে পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, "সরকার যেভাবেই নির্বাচিত হয়ে আসুক না কেনো, তারা ক্ষমতায় আছে, যে কোনো কাজই করতে পারে। ভাবনা-চিন্তা না করলে এর পরিণতি ভালো হবে না।"
সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, "সংবিধান সংশোধন করে ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে লিখবো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধানের মাধ্যমে আইন করে জাতির পিতার ছবি সবার ওপরে তোলা হবে। সব অফিসে জাতির পিতার ছবি থাকবে।"
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা ও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে সংবিধান সংশোধনে সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে গত ২১ জুলাই ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়। তবে এই কমিটিতে বিএনপি কোনো নাম দেয়নি।
জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালীর ২৬৬ বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী বিশেষ এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে তা পাস হয়।
এর আগে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬২০ ঘ.
bdnews24