ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু ও তখনকার বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারছে না।
ছয় মাসের তদন্ত শেষে আগামী ২৬ সেপ্টেম্বর সরকারের কাছে প্রতিবেদন দেওয়ার কথা। ওদিকে নির্যাতনের হাজার হাজার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তার এক-চতুর্থাংশ ঘটনাও তদন্ত করতে পারেনি কমিশন।
ঘটনার ব্যাপকতা, তদন্তের জন্য স্বল্প সময়, জনবলের অভাব এবং একটি মাত্র কমিশনের পক্ষে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রতিবেদন দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন কমিশনের প্রধান মুহাম্মদ সাহাবুদ্দিন।
কমিশন কর্মকর্তারা জানান, অগাস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৩টি জেলা থেকে খুন, ধর্ষণ, হামলা, লুটপাটসহ বিভিন্ন নির্যাতনের সাড়ে চার হাজার অভিযোগ পাওয়া গেছে।
কমিশনপ্রধান সাহাবুদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চান ওইসব নির্যাতনের ঘটনার বিচার হোক। তার নির্দেশ থাকার পরও কমিশন কার্যকর সহযোগিতা পাচ্ছে না। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও এ বিষয়ে কোনো আগ্রহ নেই।"
তিনি আরো বলেন, "দীর্ঘ ৯ বছর আগের ঘটনায় ভিকটিমদের স্বতঃস্ফূর্তভাবে কমিশনের কাছে অভিযোগ জানানোর জন্য যে রাজনৈতিক সচেতনতার প্রয়োজন এখন তার অভাব প্রকট। এসব ঘটনায় যে রাজনৈতিক দলটি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিই এখন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।
"বাগেরহাটের একজন সাংসদ ও তার স্ত্রী ছাড়া এ পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় কোনো নেতৃত্বই নির্যাতিতদের কমিশনের কাছে আসতে উদ্বুদ্ধ করেনি। এমনকি দুই দফায় চিঠি দিয়েও ১৪ দলীয় জোট এবং মহাজোটের কোনো শরিক দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না।"
প্রধানমন্ত্রী গত ৬ জুলাই যুব মহিলা লীগের অষ্টম ও মহিলা শ্রমিক লীগের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোটের অত্যাচার-নির্যাতনের তথ্য তদন্ত কমিশনকে দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, যারা অত্যাচার-নির্যাতনের সঙ্গে জড়িত, কমিশনের সুপারিশ অনুযায়ী অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর হিন্দু স
bdnews24