২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টিকারীদের রেহাই নেই'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যেই হোক না কেন রেহাই পাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী যেই হোক না কেন রেহাই পাবে না। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর এলাহী ও মহাসচিব রকিবউদ্দীন আহম্মেদের নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি যেকোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারী তা সে যে দলেরই হোক না কেন, এমনকি সে আমার দলের হলেও তাকে রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।" হাসিনা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক অবক্ষয় থেকে দেশকে মুক্ত করতে সমাজ সংস্কারে ভূমিকা রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দীর্ঘদিনের সামরিক শাসনের কারণে দেশে আজ সামাজিক অবক্ষয় ঘটছে এবং মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। সামরিক শাসকরা ক্ষমতা গ্রহণ করে প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছ্ত্রাীদের সমর্থন লাভের জন্য বিভিন্ন প্রলোভন দিয়ে তাদেরকে অবক্ষয়ের দিকে ঠেলে দেয়। নিরবচ্ছিন্নভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় থাকলে তা কখনোই সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত গৌরব ফিরিয়ে আনায় অবদান রাখারও আহ্বান জানান। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ।" ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শেখ হাসিনাকে ক্রেস্ট এবং 'সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়' শীর্ষক স্মারক গ্রন্থ ও এলামনাইয়ের আজীবন সদস্য হিসেবে তার পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে রমজানের শুভেচ্ছা জানান। অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি/এইচএ/২০২৩ ঘ.