২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ ও তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মওদুদ আহমদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

খুলনা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মওদুদ আহমদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অ্যাডিশনাল পিপি) এস এম সাজ্জাদ আলী। হাকিম মো. বারেকুজ্জামান মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খুলনা কোতয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় বাদি অভিযোগ করেন, গত ৪ অগাস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন আয়োজিত গোলটেবিল বৈঠকে জামায়াতের সাবেক সাংসদ তাহের বলেছেন, 'আমরা আমাদের শক্তি শেষ করবো না। জামায়াতের শক্তিতো আছে। সময় হলেই এই শক্তি সরকারে বিরুদ্ধে প্রয়োগ করা হবে। যথাসময়ে যথাযথ ব্যক্তির ওপর আমরা আমাদের শক্তি প্রয়োগ করব'। জামায়াত নেতা এ বক্তব্য দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দিয়েছেন। বাদি অভিযোগ করেন, বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামায়াত নেতা তাহেরেরে বক্তব্যের বিরোধিতা করেননি। বরং তার বক্তব্যকে সমর্থন ও উৎসাহিত করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরণের হুমকি দেওয়ায় একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি মামলাটি করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়। বাদি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেছিলেন। এর আগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, জামায়াত নেতা তাহেরের এই বক্তব্য রাষ্ট্রের প্রতি 'প্রচ্ছন্ন হুমকি'। তিনি এ ব্যাপারে থানায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রাখার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানান। এর মধ্যে ঢাকাসহ কয়েকটি স্থানে তাহেরের বিরুদ্ধে বেশ কয়েকটি জিডি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.