২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিকুল, মোয়াজ্জেমকে দেওয়া নোটিশের ওপর স্থগিতাদেশ স্থগিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা তদন্তের জন্য পুলিশের নোটিশের কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ঘটনা তদন্তের জন্য পুলিশের নোটিশের কার্যক্রমের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এই হুমকির ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনকে থানায় হাজির হওয়ার জন্য পুলিশের নোটিশের কার্যক্রম গত ৪ আগস্ট চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্টের ওই স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রোববার এ আদেশ দেন। সরকার পক্ষে আবেদনটি পরিচালনা করেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা। অপর পক্ষে ছিলেন ব্যরিস্টার বদরুদ্দোজা বাদল। এর আগে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেনকে দেওয়া পুলিশের নোটিশ কেনো অবৈধ ঘোষণা করা হবে না, দুই সপ্তাহের মধ্যে তার কারণ জানানোর জন্য হাইকোর্ট গত ৪ আগস্ট সরকার ও পুলিশের প্রতি রুলনিশি জারি করে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রফিকুল ও মোয়াজ্জেমের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন। এর আগে গত ২ আগস্ট তারা হাইকোর্টে রিট আবেদন করার পর ওই দিন আদালত আবেদনটির ওপর শুনানিতে বিব্রত বোধ করে। গত ২৯ জুলাই পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিশ্বাসের দেওয়া নোটিশে বিএনপির ওই দুই নেতাকে ৩ আগস্ট পল্টন মডেল থানায় হাজির হতে বলা হয়। নোটিশে বলা হয়, গত ২৫ জুলাই পল্টনের মুক্তাঙ্গনে বিএনপির এক বিক্ষোভ সমাবেশে রফিকুল ইসলাম মিয়া ও শাহ মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। ওই সমাবেশে রফিকুল ইসলাম মিয়া শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পরিণতি হবে আপনার বাবার মতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৫২ ঘ.