২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমিছিলে নেতৃত্ব দেবেন খালেদা

ঢাকায় আগামী ৯ আগস্ট বিএনপির গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 06:25 AM

Updated : 25 Aug 2022, 05:38 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় আগামী ৯ আগস্ট বিএনপির গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। সেদিন বিকাল ৩টায় পল্টন ময়দান থেকে ওই গণমিছিল শুরু হবে বলে বৃহস্পতিবার বিএনপির এক যৌথসভা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, "দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে এই শান্তিপূর্ণ মিছিলের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। রমজান মাস শুরুর আগে এটি হবে বিএনপির সর্বশেষ রাজনৈতিক কর্মসূচি।" গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সকালে ওই যৌথসভা হয়। নজরুল ইসলাম জানান, গণমিছিল কর্মসূচির মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তি, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা ও হয়রানিমূলক মামলা' প্রত্যাহার, নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের অনুসন্ধানসহ বিভিন্ন জনদুর্ভোগ লাঘবের দাবি জানানো হবে। সরকার এই কর্মসূচিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি। বিএনপি গত ২৫ জুলাই পল্টন ময়দানে গণঅনশন কর্মসূচির ঘোষণা দিলেও জাতীয় ক্রীড়া পরিষদ মাঠ ব্যবহারের অনুমতি না দেওয়ায় সেই কর্মসূচি বাতিল করা হয়। এর প্রতিবাদে সেদিন মুক্তাঙ্গনে বিক্ষোভ করেছিলো বিএনপি। যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম শামসুল ইসলাম, সারোয়ারি রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১২৫০ ঘ.