ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে 'অব্যাহতির' গুঞ্জন নাকচ করে দিয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''অব্যাহতি কিংবা পদত্যাগ নিয়ে যে গুঞ্জন চলছে, তা সঠিক নয়। এটা ভিত্তিহীন। এটা কোত্থেকে আসলো তা গণমাধ্যমই ভালো বলতে পারবে। আমি এ ধরনের কোনো পত্র দলের চেয়ারপারসনের কাছে পাঠাইনি।"
এদিকে রাতে গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গয়েশ্বর ।
গত সোমবার গয়েশ্বর নিজ নির্বাচনী এলাকার কমিটি নিয়ে ক্ষুব্ধ হয়ে দলের স্থায়ী কমিটি থেকে অব্যাহতি চেয়ে খালেদা জিয়ার কাছে একটি ফ্যাক্সবার্তা পাঠান বলে সংবাদ মাধ্যমে খবর বেরোয়। এ নিয়ে দলের ভেতরে নানা গুঞ্জনের সৃষ্টি হয়।
এ সম্পর্কে গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমি দলের চেয়ারপারসনের কাছে একটি ব্যক্তিগত পত্র পাঠিয়েছিলাম। এটা কীভাবে গণমাধ্যমে আসলো তা আমার জানা নেই। চেয়ারপারসনের কাছে চিঠি দেওয়া কিংবা তার সঙ্গে দেখা করে একান্তভাবে কথা বলার অর্থ এই নয় যে, দল থেকে অব্যাহতি চাওয়া কিংবা পদত্যাগপত্র দেওয়া।''
তিনি জানান, নিজ নির্বাচনী এলাকায় দলের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে তার নিজস্ব বক্তব্য রয়েছে, যা তিনি ওই চিঠিতে দলের চেয়ারপারসনকে অবহিত করেছেন।
২০০৮ সালে দলের পঞ্চম কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন গয়েশ্বর। এর আগে তিনি ছিলেন যুগ্ম মহাসচিব।
বুধবার বিকালে গয়েশ্বর নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ে আসেন। সেখানে দলীয় কর্মী-সমর্থকরা তাকে স্বাগত জানান। এই কার্যালয়ে বসে নিজ নির্বাচনী এলাকা কেরানিগঞ্জের থানা কৃষক দলের নতুন আহবায়ক কমিটিরও অনুমোদন দেন তিনি। হায়েত আলীকে আহবায়ক করে এই নতুন কমিটি গঠন করা হয়।
এছাড়া জিনজিরা ৬ নং ওয়ার্ডের সরকারি দলের অঙ্গসংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান পাপ্পুর নেতৃত্বে একদল নেতা-কর্মী গয়েশ্বর চন্দ্র রায়ের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে যোগ দেন। তিনি নবাগতদের খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করার আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৫ ঘ.
bdnews24