ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানের কারাদন্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ ফয়সালের দায়ের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২০ জুলাই গুলশান থানায় ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় তার বিরুদ্ধে প্রায় ৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার বিশেষ আদালত এ মামলায় ফয়সালকে ১০ বছরের কারাদন্ড দেয়।
ফয়সালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৫৮ ঘ.
bdnews24